ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে সাবেক পাঁচ সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিসহ কয়েকজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ। সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে তাঁদের স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। পরে শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
অধিবেশনের শুরুতে স্পিকারের উদ্বোধনী বক্তব্যের পর সংসদ পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন—মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
সাবেক সংসদ সদস্যদের মধ্যে শোকপ্রস্তাবে যাঁদের নাম স্মরণ করা হয়েছে, তাঁরা হলেন—মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সালাহউদ্দিন আহমেদ এবং আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের নামও শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়।
শোকপ্রস্তাবে আরও যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।
সোমবার অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে প্রয়াত ব্যক্তিদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
এ ছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, কোনো বিশিষ্ট ব্যক্তির নাম শোকপ্রস্তাবে বাদ পড়ে থাকলে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠানো হলে পরবর্তী সময়ে তা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
পরে সংসদে শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...